চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া অন্য তিন আসামি হলেন—রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ও আবুল হাসান ওরফে কালা হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ওয়াকিল হোসেন বগাসহ ১২ জন এজাহারনামীয় আসামির রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন।
এর আগে, গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন বগাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালে তাঁর অনুসারীরা সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।