দক্ষিণ পূর্ব

অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন, কাঠের স্তূপে লুকিয়েও শেষ রক্ষা হলো না

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৪:৩৮ দুপুর
পঠিত : ৫০
অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন, কাঠের স্তূপে লুকিয়েও শেষ রক্ষা হলো না

ছবি

Degchibarictg

চট্টগ্রামের লোহাগাড়ায় আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে মো. রিদুয়ানুল হক (২৯) নামে এক ব্যক্তিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।

রিদুয়ানুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর আমিরাবাদ মোস্তফা মার্কেটের ব্যবসায়ী বাবলু পালের দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় দোকান থেকে চারটি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি হয়। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রিদুয়ানকে সন্দেহ করেন দোকানমালিক। বিষয়টি নিয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার কার্যালয়ে বৈঠকও হয়। এর পরদিন থেকেই নিখোঁজ হয়ে যান রিদুয়ান। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

এরপর থেকে তাঁকে উদ্ধারে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। এর মধ্যে সোমবার সকালে দোকানমালিক বাবলু পাল গোপন সূত্রে জানতে পারেন, রিদুয়ান তাঁর স্ত্রীকে নিয়ে পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আধারমানিক এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন ও গ্রাম পুলিশ সদস্যরা ওই বাড়িতে যান। অভিযোগ রয়েছে, এ সময় বাড়ির লোকজন দরজা বন্ধ করে রিদুয়ানকে আড়াল করার চেষ্টা করেন। তাঁদের বাড়ির ভেতরে প্রবেশেও বাধা দেওয়া হয়।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লোহাগাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় বাড়ির দ্বিতীয় তলার ছাদের এক পাশে কালো পলিথিনে ঢাকা কাঠের স্তূপের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় রিদুয়ানকে উদ্ধার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, থানা হেফাজতে থাকা রিদুয়ানকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।