দক্ষিণ পূর্ব

এক দিনের শাটডাউন শেষে মঙ্গলবার ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৭:২১ বিকাল
পঠিত : ৩৬
এক দিনের শাটডাউন শেষে মঙ্গলবার ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা

ছবি

Degchibarictg

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শেষে মঙ্গলবার থেকে আবারও ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা। উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের জন্য একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে সোমবার এ কর্মসূচি পালন করেন তাঁরা। ফলে দিনভর বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে ই-মেইল বার্তায় এক দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে।

এরপর সন্ধ্যায় এক বিবৃতিতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সোমবার সব ক্লাস, পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তাঁরা। এ কর্মসূচির কারণে সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, ‘গত ২৮ অক্টোবর থেকে আমরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিই। একই সঙ্গে জানিয়ে দিয়েছিলাম, উপাচার্যের ক্যাম্পাসকেন্দ্রিক যেকোনো কার্যক্রম প্রত্যাখ্যান করব। পূর্বঘোষণা অনুযায়ী উপাচার্যের রুটিন দায়িত্বের বিষয়টি প্রত্যাখ্যান করে সোমবার ক্লাস বর্জন করেছি। রুটিন দায়িত্বের মেয়াদ সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে। তাই মঙ্গলবার থেকে যথারীতি ক্লাসে ফিরব।’

চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, শিক্ষকদের কর্মবিরতির আওতায় একাডেমিক কার্যক্রম নেই। তবে সংশ্লিষ্ট শিক্ষক ক্যাম্পাসে এসে কোনো কার্যক্রমে অংশ নিলে শিক্ষকদের কর্মসূচির কারণে ক্লাস বর্জনের পরিস্থিতি তৈরি হতে পারে। উপাচার্যের দেওয়া এক দিনের রুটিন দায়িত্বের প্রতিবাদে শিক্ষার্থীরাও এক দিন ক্লাস বর্জনের কর্মসূচি পালন করেছেন। আশা করছি, মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে ক্লাস কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সংকট নিরসনে ইউজিসি গঠিত ছয় সদস্যের পরামর্শক কমিটি গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে। তবে এখনো কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এর মধ্যে শিক্ষা কার্যক্রম কিছুটা স্বাভাবিক হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এখনো তালাবদ্ধ রয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।