চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিজিএস কলোনিতে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ঘোষিত ৫৪টি সরকারি বাসা অবৈধভাবে ভাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ নভেম্বর) দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সরকারি আবাসন পরিদপ্তর ও গণপূর্ত বিভাগের স্থানীয় দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে কলোনির পরিত্যক্ত ভবনগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় বরাদ্দপত্র ছাড়াই অনেককে এককভাবে কিংবা পরিবার নিয়ে এসব বাসায় বসবাস করতে দেখা যায়।
দলিলপত্র যাচাই ও সরেজমিনে জিজ্ঞাসাবাদে একজনের নামে বরাদ্দ করা বাসা অন্য ব্যক্তির কাছে উপভাড়া (সাবলেট) দেওয়ার প্রমাণও পায় দুদক। এ ছাড়া গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করলেও আবাসন পরিদপ্তর থেকে পুনরায় বাসা বরাদ্দ দেওয়ার অসংগতি পাওয়া গেছে। পরিদর্শনের সময় এসব বাসায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চালু থাকার বিষয়টিও নিশ্চিত হন দুদক কর্মকর্তারা।
দুদকের এনফোর্সমেন্ট টিম জানিয়েছে, অভিযানে পাওয়া রেকর্ডপত্র ও প্রমাণাদি পর্যালোচনা করে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের দায়দায়িত্ব চিহ্নিত করা হবে। পরে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।