জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের সাবেক তত্ত্বাবধায়ক মো. ইদ্রিছ ও তাঁর স্ত্রী ফখরে জাহান বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করা হয়। দুদকের একই কার্যালয়ের উপসহকারী পরিচালক মেরিন আক্তার বাদী হয়ে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কার্যালয়ের উপপরিচালক আল আমীন।
দুদকের অভিযোগ অনুযায়ী, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে মো. ইদ্রিছ ৩৬ লাখ ১১ হাজার ৫৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদক আইনের ২৭(১) ধারায় একটি মামলা করা হয়েছে।
অন্যদিকে, তাঁর স্ত্রী ফখরে জাহান বেগমের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৫৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই আইনের ২৭(১) ধারায় আরেকটি মামলা করা হয়েছে। এ মামলায় স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে মো. ইদ্রিছকেও দণ্ডবিধির ১০৯ ধারায় আসামি করা হয়েছে।
মো. ইদ্রিছ (৭৪) ফেনীর ছাগলনাইয়া থানার মটুয়া গ্রামের মো. রুহুল আমীনের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় বসবাস করেন। তাঁর স্ত্রী ফখরে জাহান বেগমের বয়স ৬৫ বছর।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।