চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা এক দম্পতি ও তাঁদের চার-পাঁচ মাস বয়সী শিশু অক্ষত রয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক আহত হন।
জানা গেছে, প্রাইভেটকারটিতে চালক ছাড়াও এক দম্পতি ও তাঁদের চার-পাঁচ মাস বয়সী একটি শিশু ছিল। তাঁরা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন। দুর্ঘটনায় শিশুসহ অন্য যাত্রীরা অক্ষত রয়েছেন।
বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। চালক আহত হলেও অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন। তাঁরা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন বলে জানা গেছে। তবে তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বেঙ্গুরা খিতাপচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। মহানগর এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।